পদ্মা সেতুর দক্ষিণে ভয়াবহ বাস দুর্ঘটনা
শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণে ঢাকা টু ভাঙ্গা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় ৬ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোল্ডেন লাইন পরিবহনের ঢাকা মেট্রো ব ১৪ ৮৬৮৫ নম্বরের একটি বাস তস্তারকান্দি এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বাসটি স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি গতিতে চলছিল। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছিল, ফলে রাস্তা কিছুটা পিচ্ছিল ছিল। হঠাৎ দেখি বাসটি দুলতে দুলতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে যায়। তখন যাত্রীদের চিৎকারে পুরো এলাকা কেঁপে ওঠে।
একজন পথচারী জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে পাঠান। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
