জাজিরায় বিশ বছরের তরুণীর প্রেমের টানে পঞ্চাশোর্ধ আমিরাতের নাগরিক
ভালোবাসার টানে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে ছুটে এসেছেন পঞ্চাশোর্ধ্ব এক প্রবাসী। সেই ভালোবাসার পূর্ণতা দিতেই শরীয়তপুরের জাজিরায় বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। সোমবার (১৫ জুন) দুপুরে দুবাইয়ের নাগরিক সোলেমানের সঙ্গে বাংলাদেশি তরুণী সুবর্ণার (২০) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
জানা গেছে, শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকার ফারুক খানের মেয়ে সুবর্ণা দুই বছর আগে জীবিকার সন্ধানে আবুধাবি যান। সেখানে একটি পার্কে ঘুরতে গিয়ে সোলেমানের সঙ্গে তার পরিচয় হয়, যা পরবর্তীতে প্রেমের সম্পর্কে রূপ নেয়। সুবর্ণা দেশে ফিরে আসার পর সম্পর্কটি অটুট থাকে এবং তিন দিন আগে সোলেমান বাংলাদেশে আসেন। দুই পরিবারের সম্মতিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়। রোববার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান হয় এবং সোমবার প্রায় দেড় হাজার আত্মীয়-স্বজনের জন্য ভোজের আয়োজন করা হয়।
সুবর্ণার নানি ফুলজান বিবি বলেন, 'নাতনির বিয়ের সিদ্ধান্তে আমরা সবাই খুশি।' কনে সুবর্ণা জানান, দুবাইয়ে পরিচয় ও ভালোবাসার সূত্র ধরেই তাদের এই পরিণয়। তবে বিয়ের পর বর সোলেমান এবং কনের বাবা-মা সংবাদমাধ্যমের কাছে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ভিন্ন দেশের দুই মানুষের এই বিয়ে নিয়ে এলাকায় বেশ কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে নবদম্পতির সুন্দর ভবিষ্যৎ কামনা করলেও কেউ কেউ এমন সম্পর্কের স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
স্থানীয় বাসিন্দা বরকত মোল্লা বলেন, 'সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই এমন খবর দেখা যায়, যেখানে বিদেশি নাগরিকরা প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করছেন। কিন্তু বিয়ের আগে এমন সম্পর্ক যাচাই-বাছাই করা জরুরি। হুটহাট বিয়ের সিদ্ধান্ত অনেক সময় প্রতারণার ঝুঁকিও তৈরি করতে পারে।'
