শরীয়তপুরে একটি পরিবহন সংগঠনের নামে জোরপূর্বক অটোরিকশা থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চালকেরা। শুক্রবার বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন সড়কে এই কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক অটোরিকশাচালক ও শ্রমিক অংশ নেন এবং এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে জেলা এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা এনসিপির নেতা ইমরান আল নাজির, ছাত্রদল নেতা নাজমুল মাঝি, অটোরিকশা শ্রমিক হৃদয়সহ অন্যান্য শ্রমিক প্রতিনিধিরা। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জেলা অটোরিকশা, সিএনজি পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে প্রতিটি অটোরিকশা থেকে বাধ্যতামূলকভাবে এক হাজার টাকা করে চাঁদা আদায় করছে। নির্ধারিত এই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চালকদের নানাভাবে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং সড়কে গাড়ি চলাচলে বাধা দেওয়া হয়।
সমাবেশে জেলা এনসিপির নেতা ইমরান আল নাজির বলেন, শ্রমিকদের কষ্টার্জিত অর্থ জোরপূর্বক আদায়ের কোনো সুযোগ নেই। শ্রমিকদের ওপর কোনো ধরনের চাঁদাবাজি বা দখলদারিত্ব মেনে নেওয়া হবে না।
প্রশাসনকে দ্রুত অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ছাত্রদল নেতা তাজমুল মাঝি বলেন, যারা শ্রমিকদের ঘামঝরা উপার্জনের টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে এবং শ্রমিকদের নিরাপদ ও হয়রানিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
এছাড়া অটোরিকশাচালক হৃদয় বলেন, আমরা রক্তজল করা পরিশ্রম করে পরিবার চালাই। আমাদের গাড়ি থেকে এভাবে জোর করে টাকা নেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় চালকেরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
বক্তারা অবিলম্বে এই চাঁদাবাজি বন্ধ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে কোনো শ্রমিককে হয়রানি করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা।
এদিকে চালকদের তোলা এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন জেলা অটোরিকশা, সিএনজি ও হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি লাভলু খান। তিনি বলেন, সংগঠনের নামে কোনো ধরনের অবৈধ চাঁদা আদায় করা হয় না। যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। সংগঠনের নিজস্ব নিয়ম অনুযায়ী কেবল সদস্যদের কাছ থেকে বৈধ ফি নেওয়া হয়, কাউকে জোর করে টাকা দিতে বাধ্য করা হয় না।
