ভেদরগরঞ্জে আলোচিত সেই প্রধান শিক্ষককে অপসারনের দাবীতে মানববন্ধন


শরীয়তপুরের ভেদরগঞ্জে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (৭ জুলাই) সকালে সখিপুর থানার উত্তর তারাবুনিয়া এলাকার আব্বাস আলী সরকারি প্রাথমিক বিহদ্যালয় মাঠে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বিদ্যালয়টির প্রধান শিক্ষক আলী আসাদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগ, প্রধান শিক্ষক আলী আসাদ দীর্ঘদিন ধরেই বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। এর মধ্যে একজন সহকারী শিক্ষকের সংসার ভাঙাসহ একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, নানা বিতর্কিত কর্মকাণ্ডের জের ধরেই তিনি এর আগে আরও পাঁচটি বিদ্যালয় থেকে বদলি হয়েছেন।

প্রসঙ্গত, গত ২ জুলাই ছুটিকে কেন্দ্র করে প্রধান শিক্ষক আলী আসাদ ও সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। 

এই ঘটনার প্রেক্ষিতে উপজেলা প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। একইসঙ্গে ঘটনার পর সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।

মানববন্ধনে সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন অভিযোগ করেন, তিনি প্রধান শিক্ষকের কারণে ব্যক্তিগত ও পেশাগতভাবে হয়রানির শিকার হয়েছেন। তিনি প্রধান শিক্ষকের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবি জানান।

এলাকাবাসী ও অভিভাবকদের দাবি, একজন শিক্ষকের কাছ থেকে এমন নৈতিক স্খলন কোনোভাবেই কাম্য নয়। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রাখতে অবিলম্বে অভিযুক্ত প্রধান শিক্ষককে অপসারণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

নিজস্ব প্রতিবেদক
নবীনতর পূর্বতন