নড়িয়ার মডার্ন ফ্যান্টাসি পার্কে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য


শরীয়তপুরের নড়িয়া পৌরসভার কলুকাঠি এলাকায় অবস্থিত 'মডার্ন ফ্যান্টাসি কিংডম অ্যান্ড মিনি চিড়িয়াখানা' থেকে সাব্বির ছৈয়াল (২০) নামের এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে পার্কের ভেতর ড্রাম ব্রিজের গোলঘরের চালের সঙ্গে তাঁর মরদেহ ঝুলে থাকতে দেখেন সহকর্মীরা। পার্ক কর্তৃপক্ষ ঘটনাটিকে 'আত্মহত্যা' হিসেবে দাবি করলেও, নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের তীর অন্য দিকে। এ মৃত্যুকে ঘিরে স্থানীয় জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।


নিহত সাব্বির ছৈয়াল নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ কেদারপুর গ্রামের সোনামিয়া ছৈয়ালের ছেলে। তিনি গত প্রায় তিন বছর ধরে ওই পার্কে কর্মরত ছিলেন এবং রাতের বেলায় পার্কের ভেতরেই অবস্থান করতেন।



স্থানীয় ও সহকর্মী সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১২টা পর্যন্ত সাব্বির অন্যান্য কর্মচারীদের সঙ্গেই ছিলেন। এরপর সবাই নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। সোমবার সকালে নির্ধারিত সময়ে সাব্বির কাজে যোগ না দেওয়ায় সহকর্মীরা তাঁকে খুঁজতে বের হন। একপর্যায়ে সকাল আনুমানিক ৬টার দিকে পার্কের ভেতরে ড্রাম ব্রিজের ওপর গোলঘরের চালের সঙ্গে গামছা বা রশিতে পেঁচানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


পার্ক কর্তৃপক্ষ ঘটনাটিকে তাৎক্ষণিকভাবে আত্মহত্যা বলে প্রচার করলেও নিহতের স্বজনরা এই ভাষ্য মানতে নারাজ। সাব্বিরের পরিবারের সদস্যদের অভিযোগ, এটি কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু নয়। এর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে বলে সন্দেহ করছেন তাঁরা। তারা ঘটনার নিরপেক্ষ, সুষ্ঠু ও গভীর তদন্তের দাবি জানিয়ে প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তিনি আরও বলেন, “আমরা ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি। প্রাথমিক তদন্তে পারিবারিক কোনো কলহ থেকে এমনটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।”


পুলিশ জানিয়েছে, বর্তমানে মরদেহের ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই আকস্মিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পার্কের নিরাপত্তার বলয়ে থেকে একজন কর্মী কীভাবে এমন অবস্থায় পৌঁছালেন, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ।



নিজস্ব প্রতিবেদক
أحدث أقدم