শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় উপকূলীয় ও নদীবেষ্টিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে দিনব্যাপী (১৬ জুল্ই ২০২ বিনামূল্যে বিশেষ চিকিৎসা সেবা (মেডিকেল ক্যাম্প) ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ডের ঢাকা জোনের অধীনে বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধীপুর এলাকায় এই মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়। সকাল থেকেই এলাকার শতশত অসহায়, দুস্থ, গরিব ও কর্মহীন মানুষ চিকিৎসা সেবা নিতে কোস্ট গার্ডের অস্থায়ী মেডিকেল ক্যাম্পে ভিড় জমান।
ক্যাম্পের সার্বিক দায়িত্বে থাকা কোস্ট গার্ডের কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের বিভিন্ন দুর্যোগে সহায়তার পাশাপাশি নানাবিধ মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায়, কোস্ট গার্ডের দক্ষ মেডিকেল টিম দ্বারা এই অঞ্চলের সাধারণ মানুষকে বিনামূল্যে সাধারণ চিকিৎসা, রক্তচাপ পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়। চিকিৎসা শেষে উপস্থিত সকল রোগীর মাঝে ব্যবস্থাপত্র অনুযায়ী সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ও জীবনরক্ষাকারী ওষুধ বিতরণ করা হয়।
বিনামূল্যে এই উন্নত চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে ধীপুর এবং এর আশেপাশের এলাকার সাধারণ মানুষ অত্যন্ত আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন। সেবা নিতে আসা স্থানীয় কয়েকজন সুবিধাভোগী জানান, প্রত্যন্ত এলাকা হওয়ায় এবং আর্থিক অসচ্ছলতার কারণে তারা অনেকেই সঠিক সময়ে ভালো ডাক্তার দেখাতে পারতেন না। বাড়ির কাছে কোস্ট গার্ডের এমন উদ্যোগ এবং বিনামূল্যে ওষুধ পেয়ে তাদের বড় উপকার হয়েছে।
অনুষ্ঠানে কোস্ট গার্ডের জোনাল কমান্ডার, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কোস্ট গার্ডের পক্ষ থেকে মিডিয়া অফিসার জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে চিকিৎসা সেবা পৌঁছানো কঠিন, সেখানে কোস্ট গার্ডের এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকে। আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান ও জলদস্যু দমনের পাশাপাশি উপকূলীয় ও নদীমাতৃক অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে বাংলাদেশ কোস্ট গার্ডের এই ধরনের নিঃস্বার্থ প্রচেষ্টা ভবিষ্যতেও জোরালোভাবে বজায় থাকবে।
ডেস্ক রিপোর্ট
