জুলাই অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে শুধু সরকার নয়, সংশ্লিষ্ট সবাই জবাবদিহির মুখে পড়বেন; তখন কেউ বাড়িতে থাকতে পারবেন না এবং দায়িত্বও পালন করতে পারবেন না। কারণ সবার কর্মকাণ্ড সম্পর্কে মানুষ অবগত রয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চিকিৎসকদের কঠোর সতর্কবার্তা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যখাতে অবহেলা বা কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। সবাই আন্তরিকভাবে দায়িত্ব পালন করলেই কেবল দেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী হবে এবং জনগণ কাঙ্ক্ষিত সেবা পাবে।
এ সময় প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের পাঠানো বৈদেশিক মুদ্রা দেশের রিজার্ভকে শক্তিশালী রাখছে। তাই একটি সুস্থ, দক্ষ ও কর্মক্ষম নতুন প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস তার সঙ্গে ছিলেন। মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, ফার্মেসি ও অন্যান্য সেবা ইউনিট ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধের সরবরাহ ও সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।
উল্লেখ্য, এই পরিদর্শনের সময় ভেদরগঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালের আশপাশের দুটি বেসরকারি ক্লিনিক সিলগালা ও সাময়িক বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি, সরকারি অফিস চলাকালে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে দুই চিকিৎসককে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
