শরীয়তপুরে সড়কে গাছ কেটে চার ট্রাকে দুর্ধর্ষ ডাকাতি
মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে গভীর রাতে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে চার-চারটি গরু বোঝাই ট্রাকে হানা দিয়েছে একদল সশস্ত্র ডাকাত। সোমবার (১৮ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সড়কের কাশিপুর হিন্দুপাড়া নামক এলাকায় এই দুর্ধর্ষ ঘটনা ঘটে।
যাতায়াত ব্যবস্থার সুবিধার কারণে দক্ষিণাঞ্চলের ২১ জেলার পণ্যবাহী যানবাহনগুলো সাধারণত চট্টগ্রাম অঞ্চলে যাতায়াতের জন্য শরীয়তপুর-চাঁদপুর রুটটি ব্যবহার করে থাকে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে যশোর ও ঝিনাইদহ থেকে গরুবোঝাই করে চারটি ট্রাক শরীয়তপুরের ওপর দিয়ে চাঁদপুর ও লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। কিন্তু মধ্যরাতে কাশিপুর এলাকায় পৌঁছানো মাত্রই ট্রাকগুলো ডাকাত চক্রের মুখে পড়ে।
অপরাধীরা সড়কের পাশের একটি বড় গাছ কেটে রাস্তার ওপর ফেলে প্রথম ট্রাকগুলোর গতি রোধ করে। এরপর চালক ও ট্রাকে থাকা ব্যাপারীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। অস্ত্রের ভয় দেখিয়ে মুহূর্তের মধ্যে সবার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেওয়া হয়। তবে ডাকাতি চলাকালীন সময়েই ওই সড়ক দিয়ে পুলিশের একটি নিয়মিত টহল দল পার হচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়েই মালামাল নিয়ে দ্রুত চম্পট দেয় ডাকাতরা।
ভুক্তভোগী ট্রাকচালক মো. কামাল সেই ভয়ানক অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন, ‘দূর থেকে পুলিশের লাইটের মতো আলো দেখে আমরা গাড়ি থামিয়েছিলাম। কিন্তু সামনে গিয়ে দেখি রাস্তায় আড়াআড়িভাবে গাছ ফেলা। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। গাড়ির কাঁচ ভেঙে গলায় রামদা ঠেকিয়ে আমাদের সব টাকা-পয়সা আর ফোন কেড়ে নিয়েছে। আমরা এখনো আতঙ্কে কাঁপছি।’
আরেক চালক মিলন তাঁর ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করে বলেন, ‘গাড়ি থামানোর সাথে সাথেই ওরা কোপানো শুরু করে। আমার এবং আমাদের সাথে থাকা ব্যাপারীদের পকেটে একটা টাকাও অবশিষ্ট রাখেনি। এখন যে এক কাপ চা কিনে খাবো, সেই সম্বলটুকুও কেড়ে নিয়ে গেছে।’
