রেলপথে যুক্ত হওয়া নতুন ১০ জেলার তালিকায় নেই শরীয়তপুরের নাম



সরকারের রেল যোগাযোগ সম্প্রসারণের মহাপরিকল্পনার আওতায় দেশের আরও ১০টি জেলায় নতুন করে রেল সংযোগ স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই তালিকায় শরীয়তপুর জেhলার নাম নেই। দীর্ঘদিনের প্রত্যাশা সত্ত্বেও তালিকা থেকে শরীয়তপুর বাদ পড়ায় স্থানীয় সচেতন মহলে সৃষ্টি হয়েছে তীব্র হতাশা।

সম্প্রতি ঘোষিত এই ১০ জেলার তালিকায় রয়েছে শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর। রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবেই সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনায় শরীয়তপুরকে যুক্ত করার একটি ইতিবাচক ইঙ্গিত পাওয়া গিয়েছিল। পদ্মা সেতুর জাজিরা পয়েন্ট থেকে শরীয়তপুর পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের একটি প্রাথমিক পরিকল্পনাও করা হয়েছিল। তবে ভৌগোলিক অবস্থান ও ভূমি জটিলতার কারণে প্রকল্পটি এখন অনেকটাই অনিশ্চয়তার মুখে।

রেলওয়ের পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্টরা জানিয়েছেন, শরীয়তপুর নিচু এলাকা হওয়ায় এখানে রেলপথ নির্মাণে ব্যয় অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রেললাইন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি পাওয়া এবং স্থানীয়দের কৃষি জমি রক্ষার বিষয়টিকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের একটি সূত্র থেকে জানা গেছে শরীয়তপুরে রেল সংযোগের পরিকল্পনা থাকলেও প্রকল্পটি এখনও অত্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে।  প্রকল্পটি অর্থনৈতিকভাবে কতটা যৌক্তিক সেটাও গুরুত্বপূর্ণ বিষয়।

বিগত সরকারের আমলে শরীয়তপুর জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার বিষয়টি নিয়ে অবহেলা করা হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় সংসদ সদস্যদের প্রতিশ্রুতির আলোকে শরীয়তপুরবাসী আশায় বুক বেঁধেছিল। স্থানীয়রা মনে করছেন, পদ্মা সেতু হওয়ার পর শরীয়তপুর এখন ঢাকার সঙ্গে সরাসরি যুক্ত। এর সঙ্গে রেল সংযোগ যুক্ত হলে জেলার ব্যবসা-বাণিজ্য ও কৃষি পণ্যের বাজারজাতকরণে বিপ্লব ঘটবে। 

কিন্তু নতুন ১০ জেলার তালিকায় স্থান না পাওয়ায় শরীয়তপুরবাসী হতাশ। বিশেষজ্ঞ মহলের মতে, রেলওয়ে কর্তৃপক্ষের উচিত দ্রুত সম্ভাব্যতা যাচাই প্রক্রিয়া শেষ করে একটি টেকসই প্রকল্পের মাধ্যমে শরীয়তপুরকে রেল নেটওয়ার্কের আওতায় আনা। কেবল ‘পরিকল্পনা’ আর ‘যাচাই-বাছাই’-এর বৃত্তে আটকে না রেখে, একটি সময়াবদ্ধ পরিকল্পনার দাবি জানাচ্ছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবী, দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা শরীয়তপুর জেলা এখনো রেল যোগাযোগ থেকে বঞ্চিত। ২০২২ সালে পদ্মা সেতু চালু হলেও জেলার মানুষ এখনো রেলের সুবিধা না পাওয়ায় অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাসহ বিভিন্ন খাতে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি।

তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতার কারণে ঢাকা–শরীয়তপুর–বরিশাল রেল সংযোগের দাবি বাস্তবায়িত হয়নি। অবিলম্বে এ প্রকল্প অনুমোদন ও ২০২৬ সালের মধ্যেই রেল যোগাযোগ চালুর দাবি জানান তারা।



 শরীয়তপুর ইনসাইডার ডেস্ক


أحدث أقدم