ডামুড্যায় মাদকবিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড, তরুণীর বিরুদ্ধে মামলা



শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক যুবককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। একই ঘটনায় এক তরুণীকে আটক করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) উপজেলার শিধলকুড়া ইউনিয়নের চরশিধলকুড়া গ্রামের ‘আকন বাড়ি’ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

জনশান্তি ও জনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত এই অভিযানে আটক করা হয় মো. ইদ্রিস হাওলাদার (২৫) এবং সুমাইয়া (১৮)-কে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় ইদ্রিস হাওলাদার মাদক সেবনের কথা স্বীকার করেন। এর প্রেক্ষিতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

আটক তরুণী সুমাইয়া দাবি করেন, তিনি কোনো মাদক সেবন করেননি। তার ব্যাগে পাওয়া গাঁজার পুরিয়া তার নয় এবং তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তবে মোবাইল কোর্টের বিচারিক এখতিয়ারে গাঁজা বহনের অপরাধের বিচার না থাকায়, তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে উপযুক্ত আদালতে সোপর্দ করার জন্য ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনাকারী ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান জানান, মাদক এবং জনশৃঙ্খলাবিরোধী যেকোনো কর্মকাণ্ড দমনে প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনার সময় ডামুড্যা থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম প্রসিকিউশন প্রদানকারী কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত গাঁজা আলামত হিসেবে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।



নিজস্ব প্রতিবেদক
أحدث أقدم