পাপরাইলে ফুটবল তুলতে পুকুরে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু


 

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ফুটবল খেলার সময় পুকুরের পানিতে তলিয়ে গিয়ে রিদম (৭) ও রিফাত (৮) নামে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই। 

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের দক্ষিণ পাপরাইল এলাকায় এই মর্মন্তুদ দুর্ঘটনা ঘটে। একই সাথে দুই শিশুর এমন অকাল মৃত্যুতে তাদের পরিবারসহ গোটা এলাকায় স্তব্ধতা ও গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ পাপরাইল গ্রামের নৈয়াব ফকিরের বাড়িতে মায়ের সাথে বেড়াতে এসেছিল শিশু রিফাত। দুপুরে বাড়ির পাশের একটি খোলা মাঠে রিদম ও রিফাত একসাথে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে বলটি আচমকা পাশের একটি পুকুরে পড়ে যায়। সেটি পানি থেকে তুলতে গিয়ে দুই শিশুই পুকুরে নামে এবং একপর্যায়ে সাঁতার না জানা থাকায় গভীর পানিতে তলিয়ে যায়। বেশ কিছু সময় ধরে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনরা চারদিকে সন্ধান শুরু করেন। পরে স্থানীয় লোকজন পুকুরের পানিতে দুই শিশুকে ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

​নিহতদের মামাতো বোন রুমা আক্তার বলেন, সকাল থেকে দীর্ঘক্ষণ ধরে ওদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সব জায়গায় খোঁজাখুঁজির পর একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে আমরা ওদের উদ্ধার করি। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার জানান ওরা আর বেঁচে নেই। ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Next Post Previous Post