শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে জেলা আওয়ামী লীগের সদস্য ও আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরের দিকে জেলা প্রশাসকের বাসভবনসংলগ্ন মোড় থেকে তাকে আটক করা হয়।
পালং মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর প্রায় ৩টার দিকে জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে পালং মডেল থানা পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন কার্যক্রমে অর্থায়ন, পরামর্শ প্রদান এবং নানামুখী সহায়তা দিয়ে আসছিলেন। আটকের পর তার ব্যবহৃত মুঠোফোন পরীক্ষা করে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে সক্রিয় সম্পৃক্ততা ও যোগাযোগের গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তারের পর আনোয়ার হোসেন হাওলাদারকে পালং মডেল থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে আদালতে সোপর্দ করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে অর্থদাতা, পরামর্শদাতা ও যোগানদাতা হিসেবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই তাকে আইনের আওতায় আনা হয়েছে এবং তার মোবাইল ফোনেও এর সত্যতা মিলেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক
