আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিতে লন্ডনে শরীয়তপুরের ৩ শিক্ষার্থী



যুক্তরাজ্যের গিলওয়েল পার্কে আন্তর্জাতিক স্কাউটে অংশ নিতে লন্ডন গেলেন শরীয়তপুরের তিন স্কাউট যুক্তরাজ্যের ঐতিহাসিক গিলওয়েল পার্কে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে অংশ নিতে লন্ডন গেছেন শরীয়তপুরের তিন সদস্যের একটি দল। বুধবার (২২ জুলাই) সকালে বাংলাদেশ স্কাউটসের কন্টিনজেন্টের সঙ্গে তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

যুক্তরাজ্যের মুসলিম স্কাউট ফেলোশিপের আয়োজনে ২৩ থেকে ২৬ জুলাই পর্যন্ত এই আন্তর্জাতিক জাম্বুরি অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের ২২টিরও বেশি দেশের স্কাউট সদস্যরা অংশ নিচ্ছেন। চারদিনের এই আয়োজনে ক্যাম্পিং, দক্ষতা উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক বন্ধুত্ব গড়ে তোলার পাশাপাশি তরুণদের নেতৃত্ব ও আত্মবিশ্বাস বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

শরীয়তপুর থেকে অংশগ্রহণকারী দলের সদস্যরা হলেন— সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের ইউনিট লিডার শহীদুল ইসলাম এবং স্কাউট সদস্য তাহসিন আহমেদ লুবান ও সামিয়া খান।
বাংলাদেশ প্রতিনিধিদলে হেড অব কন্টিনজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তার নেতৃত্বে ১২ জন অ্যাডাল্ট লিডার ও ১৯ জন স্কাউট সদস্য এই বিশ্ব আসরে যোগ দিয়েছেন।

অনুভূতি প্রকাশ করে ইউনিট লিডার শহীদুল ইসলাম বলেন, আন্তর্জাতিক এমন একটি ক্যাম্পে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি গর্বিত। এই সফর আমাদের অভিজ্ঞতা ও জ্ঞানের পরিধি আরও বহুদূর বিস্তৃত করবে।

জাজিরা উপজেলা স্কাউটসের সম্পাদক মতিউর ইসলাম সেলিম এবং জেলা স্কাউটসের কমিশনার সঞ্জীব চন্দ্র কর্মকার আশা প্রকাশ করেছেন যে, এই আন্তর্জাতিক অভিজ্ঞতা তাদের স্কাউটিং কার্যক্রমকে সমৃদ্ধ করার পাশাপাশি নতুন প্রজন্মকে স্কাউটিংয়ে আরও বেশি উদ্বুদ্ধ করবে।

এ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান বলেন, শরীয়তপুর থেকে জাজিরার তিনজন স্কাউট সদস্য এমন একটি আন্তর্জাতিক প্রোগ্রামে অংশগ্রহণ করছে— এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। স্কাউটিংয়ের উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিজস্ব প্রতিবেদক

أحدث أقدم