‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬।
আজ জেলা প্রশাসন ও জেলা বন বিভাগের যৌথ উদ্যোগে শরীয়তপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে সকালের দিকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পরিবেশবাদী সংগঠন ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর তাগিদ দেন। একই সাথে তারা বাড়ির আনাচে-কানাচে ও পতিত জমিতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইলোরা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন, তারিকুল ইসলামসহ স্থানীয় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন নার্সারি থেকে আসা বৈচিত্র্যময় ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। উদ্বোধনের পর থেকেই মেলা প্রাঙ্গণে বৃক্ষপ্রেমী ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
নিজস্ব প্রতিবেদক
